কোম্পানীগঞ্জে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের জেরে বসুরহাট বাসস্ট্যান্ডে দফায় দফায় হামলা চালিয়ে বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বসুরহাট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি ও ড্রিমলাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আকরাম উদ্দিন চৌধুরী সবুজ বলেন, বাস ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মালিক ও শ্রমিকদের নিরাপত্তা, বাসস্ট্যান্ড সন্ত্রাস ও মাদকমুক্ত রাখা, মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাৎ হোসেন যাতে মালিক সমিতিতে অন্যায় হস্তক্ষেপ না করতে পারে এমন চার দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, দু’দফা হামলায় বসুরহাট-ফেনী-ঢাকা রুটের অন্তত ৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এসব ঘটনায় একাধিক মামলা হলেও কোনো প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্তরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বসুরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বসুরহাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।