উইলিয়াম শেক্সপিয়ারের ক্ল্যাসিক নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর রোজালিন চরিত্রটি নিয়ে নতুন গল্প ওঠে আসছে বড়পর্দায়। এ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘বুকস্মার্ট’-খ্যাত কেটলিন ডেভার।
ছবির নামও রাখা হয়েছে রোজালিন। পরিচালনা করছেন ‘ইয়েস, গড, ইয়েস’-খ্যাত ক্যারেন মাইন।
ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, রেবেকা সার্লের ‘হোয়েন ইউ অয়ার মাইন’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। সেখানে জুলিয়েটের চাচাতো বোন রোজালিনের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে রোমিও ও জুলিয়েটের প্রেম কাহিনি।
রোজালিনের আরেক পরিচয় হলো, সে রোমিও’র সাবেক প্রেমিকা। তবে নাটকে বেশ কয়েকবার উল্লেখ করা হলেও কোথাও চরিত্রটি সরাসরি হাজির হয়নি।
বলা হচ্ছে, রোমিও ও জুলিয়েটের ক্ল্যাসিক গল্পে আধুনিক টুইস্ট তৈরি করেছেন ঔপন্যাসিক রেবেকা। যেখানে রোজালিন চরিত্রটি খুবই তীক্ষ্ণ ও আদর্শবাদী এক তরুণীর। যে কিনা রোমিওকে আবার ফিরে পেতে চায়। সে চেষ্টায় এক আত্ম-আবিষ্কারের গল্প ওঠে আসে।
রোমিও অ্যান্ড জুলিয়েটকে অনুসরণ করা হলেও রেবেকা তার বইয়ে প্রেমিকের নাম পাল্টে দেন রব।