নড়াইলের নড়াগাতীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চুরির অভিযোগে এক শিশুকে (১২) মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। স্থানীয়দের ভাষ্য, সুপারি চুরির অভিযোগে শিশুকে মারধর ও গালিগালাজ করেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফোরকান মোল্যা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধর ও গালিগালাজ করছেন। এ সময় অন্য এক ব্যক্তিও শিশুটিকে মারধর করছিলেন। শিশুটি বারবার মাফ চেয়েও ক্ষমা পাচ্ছে না। ওই সময় চেয়ারম্যান বলছিলেন, ‘আমার এরিয়ায় শয়তান ঢোকে না।’ ঘটনার সময় ধূমপান করছিলেন তিনি।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, ‘একটি শিশুকে এভাবে মারধর করার অধিকার কারও নেই। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। দেশে প্রচলিত আইন আছে। শিশুকে পুলিশের হাতে সোপর্দ করা যেত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা বলেন, ‘সুপারি চুরির ঘটনায় ওই কিশোরকে ধরে আমাকে খবর দেওয়া হয়েছিল। তাকে দুই-তিনটা চড়-থাপ্পড় মেরে তার গার্ডিয়ানকে দিয়েছিলাম। ঘটনাটি ছয় মাস আগের। কে বা কারা ভিডিও করে আমার নামে একটা ফেক আইডি খুলে ফেইসবুকে দিয়েছে।’
নড়াগাতীর থানার ওসি রোকসানা খাতুন জানান, নির্যাতনের বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।