রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ বাজারে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল মিয়া (৩০) নামে এক জেনারেটর মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেলের খালাতো ভাই মো. রাহাত জানান, তারা একসাথে গোলাপবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। এক ছেলে এক মেয়ের জনক সোহেল। দয়াগঞ্জ বাজারের পাশে একটি জেনারেটর দোকানে কাজ করে সে। তিনি জানান, সোমবার দুপুরে বাজারের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে চড়ে জেনারেটরের লাইন মেরামত করছিল সোহেল। সেখানে সে বিদ্যুতায়িত হয়ে ঝুলে ছিল। পরে আশপাশের লোকজন তাকে বাঁশ দিয়া ধাক্কা দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। এরপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।