নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই ছেলে ও তাদের পরিবারের লোকজন মিলে মাকে পিটিয়ে দাঁত ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ২টার দিকে উপজেলার তারাব উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমেনা বেগম (৬৫) জানান, তার বড় ছেলে গুলজার ও সেজ ছেলে জাহিদ মাদক সেবন করেন। আমেনা বেগমের বড় ছেলের একটি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। করোনা কারণে স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। গুলজার ও জাহিদ প্রায় বাদলের কিন্ডারগার্টেন স্কুলে লোকজন নিয়ে গিয়ে মাদক সেবন করেন।
বাদল বেশ কয়েকবার দুই ভাইকে মাদক করতে নিষেধ করলেও তারা শুনেননি।
এ সকল বিষয় নিয়ে বাদলের সঙ্গে তার ভাইদের পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। গত সোমবার রাত ২টার দিকে বাদল ও মা আমেনা বেগমের সঙ্গে দুই ভাই গুলজার ও জাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে গুলজার, জাহিদ ও তার স্ত্রী শামিমা ও ছেলে ফাহাদ, ফাহিম, ফারুক মিলে মা আমেনা বেগমকে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার দুটি দাঁত ফেলে দেন।
এ সময় তারা বাদলের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়ে নগদ ১০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আহত আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।