চট্টগ্রামের ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে বজ্রপাতে রায়সা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সে ইউনিয়নের ছাদেকনগর গ্রামের সৌদি প্রবাসী দিল মোহাম্মদের মেয়ে। একই সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়েছেন দিল মোহাম্মদের স্ত্রীও। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।
মৃতের প্রতিবেশী আকবর সিকদার জানান, আজ সকালে যখন প্রচণ্ড বাতাস আর বজ্রপাত হচ্ছিল তখনই মা-মেয়ে ঘরের পেছনে আম কুড়াতে বের হয়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মেয়েটি। মাও সেখানে আহত হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, প্রবাসী দিল মোহাম্মদের এক ছেলে ও এক মেয়ে। একমাত্র মেয়েটিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার।