মিয়ানমারের তিনজন সাংবাদিক ও দুজন আন্দোলনকর্মী থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের সংবাদমাধ্যম প্রতিষ্ঠান ও স্থানীয় পুলিশ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের তিন সাংবাদিক ও দুই আন্দোলনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্র্তৃপক্ষ। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। থাই পুলিশের এক কর্মকর্তা বলেন, অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল আদালতে তোলা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির নাম এখনো প্রকাশ করেনি থাই কর্র্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া তিন সাংবাদিক সম্প্রচারমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) কর্মী বলে জানা গেছে। ডিভিবি জানিয়েছে, মিয়ানমারের পাঁচজনকে গত রবিবার থাইল্যান্ডে গ্রেপ্তার করা হয়। তাদের যাতে মিয়ানমারে ফেরত পাঠানো না হয়, সেজন্য ডিভিবি থাইল্যান্ডের কর্র্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। মিয়ানমারের জান্তা সম্প্রচারমাধ্যম ডিভিবিকে নিষিদ্ধ করেছে। ডিভিবি ছাড়া আরও কয়েকটি স্বাধীন গণমাধ্যমের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে।
ডিভিবির নির্বাহী পরিচালক আয়ে চ্যান নাইং এক বিবৃতিতে বলেছেন, পাঁচজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হলে তাদের জীবন বেশ ঝুঁকিতে পড়বে।