জুনে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় দলের। গত দু’দিনে বেশ ক’জন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনই জাতীয় দলের ক্যাম্পের জন্য খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে ১০ জনই কিংসের খেলোয়াড়। ক্লাবটি জুনের বিশ্বকাপ বাছাইপর্ব হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে এএফসি কাপের খেলা স্থগিত হওয়ায় ফুটবলাররা মানসিকভাবে ভেঙে পড়েছে দাবি করে কিংস তাদের আরও কিছুদিন নিজেদের ক্যাম্পে রাখতে চাইছে। গতকাল ক্লাবটির সভাপতি ইমরুল হাসান চিঠি দিয়ে বাফুফেকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। চিঠিতে কিংস নির্ধারিত সময়ে কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা হবে কিনা তার নিশ্চয়তা চেয়েছে। তাছাড়া কাতারে গিয়ে এবং সেখান থেকে ফেরার পর ফুটবলারদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া কী হবে সেটাও জানতে চেয়েছে বাফুফের কাছে।