দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাজারগুলোতে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে মৌসুমি রসালো ফল লিচু। রমজানে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ও লাভের আশায় পরিপক্ব হওয়ার আগেই বাজারে তুলেছেন অনেক ব্যাপারী ও লিচু চাষিরা। এদিকে মৌসুমি নতুন ফলের স্বাদ নিতে খানিকটা অপরিপক্ব হলেও কিনছেন ক্রেতারা।
মঙ্গলবার সরেজমিন হিলি বাজার ঘুরে গেছে, হিলি বাজারের পুরাতন সোনালি ব্যাংক মোড়, ফলহাটি, চারমাথা মোড়সহ বিভিন্ন মোড়ে লিচুর ডালি নিয়ে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন রঙের লিচু তাদের ডালিগুলোতে শোভা পাচ্ছে। প্রতি ১শ পিচ লিচু বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা থেকে ২শ টাকা দরে।
হিলি বাজারে লিচু কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, রমজানে সাধারণত ইফতারিতে বিভিন্ন ধরনের ফলমূল দিয়েই ইফতারি করা হয়ে থাকে। যার কারণে ফলমূলের বেশ চাহিদা থাকে। আর যেহেতু রমজান শেষের দিকে ইতিমধ্যে মৌসুমি সুস্বাদু রসালো ফল লিচু ওঠায় কিনতে এসেছি।
এ ছাড়া ছেলেমেয়েদের মৌসুমি ফলের স্বাদ নেওয়ার জন্য লিচু কিনতে আসা। তবে লিচুর দাম যাই হোক সহনীয় রয়েছে, তবে লিচুগুলো এখনো পরিপক্ব না বা লিচু তেমন মিষ্টি না। শুধুমাত্র মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা, তার মতো অনেকেই আসছেন লিচু কিনতে।
হিলি বাজারের লিচু বিক্রেতা নাজমুল হোসেন বলেন, রমজানে ফলের বেশ চাহিদা থাকে যার কারণে লিচুতে রং আসা মাত্রই কৃষকেরা বাড়তি লাভের আশায় সেই লিচু পেড়ে বিক্রি করে দিচ্ছেন। এখনো লিচু পরিপক্ব হয়নি যার কারণে মিষ্টিও তেমন হয়নি আর কয়েক দিন গেলে লিচু পরিপক্ব হতো তখন লিচু মিষ্টি হতো।
এখন শুধুমাত্র মনকে বুঝ দেওয়া যে লিচু খেলাম। বাজারে ক্রেতাদের চাহিদা থাকায় আমরাও সেসব লিচু নিয়ে এসে বাজারে বিক্রি করছি।
এসব লিচু দিনাজপুর জেলাসহ আশপাশের উপজেলাগুলো থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে, তবে এখনো দিনাজপুরের মূল লিচু তা ওঠেনি।