বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই চিকিৎসকসহ নিহত ৩

নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। 

বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় এলাকায় দ্য পিপলস ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে। অপর নিহত মাইক্রোবাসের চালক খোকন।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত চিকিৎসক জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে  নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় এলাকায় দ্য পিপলস ইউনিভার্সিটির সামনে পৌঁছালে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক নিহত হয়। আহত হয় বাসের পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার  বলেন, বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে। আর ঘাতক বাসচালকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।