পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ঝড়ো বাতাসে পন্টুনের তার ছিঁড়ে গিয়ে পদ্মায় ডুবে যাওয়া  মাইক্রোবাস চালক মারুফ হোসেনের (৪২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭নং পন্টুন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ১নং মেম্বারপাড়া আদর্শ গ্রামের পদ্মা নদীর কিনার থেকে মারুফ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের  উপপরিচালক আনোয়ার হোসেন।

তিনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৮টার দিকে লাশটি ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর মারুফের স্বজনরা লাশ শনাক্ত করেন।

তারা মঙ্গলবার রাত থেকেই ঘাট এলাকাতে অপেক্ষা করছিলেন। প্রশাসনের মাধ্যমে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ মে) চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের ৫নং পন্টুনের ঝড়ো বাতাসে তার ছিঁড়ে গেলে পন্টুনের উপড়ে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। সেই থেকে মাইক্রোবাসের চালক নিখোঁজ ছিল। তবে মাইক্রোবাসে কোনো যাত্রী ছিল না বলে স্থানীয়রা জানান।