ফিলিস্তিনে নিপীড়িত মুসলমানদের দুঃখমোচনের জন্য প্রার্থনা করছি: বাপ্পি

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের মানুষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের ভেতর দিয়ে দিনটি পালন করছেন। এদিকে তারকারাও দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় বাপ্পি করোনা মুক্তির পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের দুঃখ মোচনের জন্যও প্রার্থনা করেছেন।

চিত্রনায়ক বাপ্পি বলেন, ‘আজকের এই পবিত্র দিনে সামাজিক দূরত্ব রক্ষা করে আনন্দ, ভালোবাসা, খুশি ছড়িয়ে পড়ুক ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে। মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে রক্ষার পাশাপাশি, ফিলিস্তিনে নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দুঃখমোচনের জন্য প্রার্থনা করছি। আসুন পৃথিবীটাকে ভালোবাসতে শিখি, মানুষগুলোকে আপন ভাবতে শিখি, জীবনটাকে সহজ ও সুন্দর করে নিই। ঈদ মোবারক।’

বাপ্পি বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সর্বশেষ তিনি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমায় কাজ করেন। বাপ্পি অভিনীত  ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি করোনা পরিস্থিতির কারণে  মুক্তি আটকে আছে । বাপ্পি অভিনীত বেলাল সানী পরিচালিত ‘ডেঞ্জার জোন’ ছবিটিও মুক্তির জন্য প্রস্তুত। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে এটি মুক্তি দেয়া হবে বলে জানালেন বাপ্পি। অন্যদিকে প্রায় ৮০ ভাগ শুটিং শেষ করে স্থগিত হয়ে আছে দীপংকর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা ২০৪০’। ছবিটিতে ভবিষ্যৎ ঢাকা কেমন হবে এটাই তোলে ধরা হচ্ছে। এতে বাপ্পির বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।। বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরুর কথা জানিয়েছেন পরিচালক। '৫৭০' নামে আশরাফ শিশিরের ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।