ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার ঈদের নামাজের পর ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন।
সমাবেশে কয়েকজন ফিলিস্তিনি নাগরিক বাংলাদেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। মিছিলে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মিছিল শেষে বিশ্ব মানবতার শান্তি প্রার্থনা করে বিশেষ দোয়া করেন মুসুল্লিরা।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেন, গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত তখন অবৈধ দখলদার ইসরাইল রমজানের মধ্যে আবারো দানবীয় রূপে আবির্ভূত হয়েছে। গত অর্ধশত বছর ধরে ইসরাইলী এমন বর্বরতা দেখালেও জাতিসংঘসহ বিশ্ব শক্তিগুলো কার্যকর কিছুই করছে না।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৭৩ বছর আগে ১৯৪৮ সালের ১৪ই মে এই দিনেই দখলদার ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। ১৪ই মে একটি কালো দিবস। সরকারের উচিৎ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মতো মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা।
পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলাকে কেন্দ্র করে গত সোমবার থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হামলা, পাল্টা হামলা শুরু হয়।
এই হামলায় এখন পর্যন্ত ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ২৭ জনই শিশু। আহত হয়েছেন ৫৮০ জন।
অন্যদিকে এই সংঘাতে সাত জন ইসরাইলি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।