গাজায় ইসরায়েলি বোমা হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: মির্জা ফখরুল

মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদসহ গাজা এবং অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ব্যাপক বোমা হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে বিএনপি।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে আমি মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদসহ গাজা এবং অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ব্যাপক বোমা হামলা ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। শুধু মুসলমান নয়, মানবিক বিবেকসম্পন্ন যেকোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলা তাদের হৃদয়কে নাড়া দিয়েছে।

তিনি বলেন, এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণের সাথে বাংলাদেশের জনগণ ও বিএনপি সমব্যথী ও ক্ষুব্ধ।

ফখরুল বলেন, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার এই কঠিন সময়ে পবিত্র রমজানে শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতরের দিনসহ এখনো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ন্যক্কারজনক ও নৃশংস হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এই ঘটনা বিশ্বব্যাপী চলমান বর্বরতার আরেকটি জঘন্যতম উদাহরণ হয়ে থাকবে।

ইসরায়েলের সর্বগ্রাসী এই হামলায় ফিলিস্তিন আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, শরণার্থীশিবির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আল জাজিরা, এপিসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়-কোন কিছুই বাদ যাচ্ছে না এই সর্বগ্রাসী হামলার ছোবল থেকে।

ফখরুল বলেন, ইসরায়েলি বাহিনীর এই অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা মনে করি, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার ফিলিস্তিনিদের ন্যায্য ও জন্মগত অধিকার। তাদের এই অধিকার হরণের ধৃষ্টতা কোনোভাবেই সহ্য করবে না বিবেকবান মানুষ ও বিশ্ব মুসলিম সম্প্রদায়।

তিনি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তবসম্মত স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান।