ঈদের ছুটি শেষে ক্যাম্পে ফুটবলাররা

ঈদের ছুটি কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। সোমবার থেকে শুরু হবে তাদের মাঠের অনুশীলন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রবিবার এক বিবৃতিতে জানান, প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে ৩২জন এদিন ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করেছেন। ইনজুরির কারণে রিপোর্ট করতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুশীলন করবে ফুটবলাররা। তার আগে রবিবার সন্ধ্যায়ই সবার করোনা পরীক্ষা করানো হবে। সবাই রয়েছেন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

এর আগে ১১ মে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। তখন অবশ্য সবাই ক্যাম্পে যোগ দেননি। পরে ফুটবলারদের চাওয়াতেই ঈদের ছুটি দেওয়া হয়।

গত সপ্তাহে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন ইংলিশ কোচ জেমি ডে। শনিবার তার কোয়ারেন্টাইন শেষ হওয়ায় প্রথম দিন থেকেই অনুশীলনে যোগ দেওয়ার কথা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বাকি রয়েছে তিনটি ম্যাচ। সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে।