রিয়াল ছাড়ার কথা ড্রেসিং রুমে বলে দিয়েছেন জিদান

জিনেদিন জিদান চলতি মৌসুম শেষেই রিয়াদ মাদ্রিদ ছাড়বেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর। এমনকি ফ্রান্সের এই কিংবদন্তি নাকি এরই মধ্যে রিয়ালের ড্রেসিং রুমে এ কথা জানিয়েও দিয়েছেন।

গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হারের পর সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের অনুশীলন শেষে জিদান নিজের সিদ্ধান্ত জানান। যে কারণে সেদিন সংবাদ সম্মেলনও দেরিতে শুরু হয়।

৮ মে খেলোয়াড়দের সঙ্গে জিদানের মিটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা। তারা বলছে, জিদান খেলোয়াড়দের জানিয়েছেন, তিনি অনেক চিন্তা ভাবনার পর নিজের সিদ্ধান্তে পৌঁছেছেন। এবং সিদ্ধান্ত চূড়ান্ত বলেও জানিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন রিয়ালে তার সময় শেষ। এখন সময় সড়ে দাঁড়ানোর।

সত্যিই জিদান রিয়াল ছাড়লে এটা হবে তার দ্বিতীয়বারের মতো লস ব্লাঙ্কোসদের কোচের পদ থেকে সড়ে দাঁড়ানো। এর আগে রিয়ালকে দুর্দান্ত সাফল্য উপহার দিয়ে ২০১৮ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিদান। যা ছিল অনেকটা বিস্ময়ের।

রিয়ালের কোচ হিসেবে জিদান ১১টি শিরোপা জিতেছেন। তার চেয়ে বেশি সাফল্য রয়েছে একমাত্র মিগুয়েল মুনোজের।