সেই ‘বল টেম্পারিং’ কাণ্ডে পুনরায় তদন্তে নামতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘বল টেম্পারিং’ কাণ্ডে নতুন কোনো তথ্য সামনে আসলে বোর্ড তা খতিয়ে দেখতে প্রস্তুত।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সেই কুখ্যাত বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফ্ট রয়েছেন এই তালিকায়।

সম্প্রতি ব্যানক্রফ্ট এক সাক্ষাৎকারে বলেছেন, ওই ঘটনার বিষয়ে দলের বোলাররাও অবগত ছিলেন। এই মন্তব্যের জেরেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সংস্থার এক মুখপাত্র বলেন, ‘সেই সময় আমাদের তদন্ত বিশদ এবং বিস্তীর্ণ ছিল। সিএ বরাবরই নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে। বোর্ডের তরফে সর্বদা জানানো হয়েছে ২০১৮ সালের কেপ টাউন টেস্টের বিষয়ে কারোর কাছে যদি নতুন কোনো তথ্য থাকে, তাহলে তা বোর্ডের সামনে পেশ করতে। কিন্তু সেই থেকে কেউই আর কোনো তথ্য নিয়ে এগিয়ে আসেনি, যা সিএ তদন্তের বিরুদ্ধে কিছু প্রমাণ করে।’