রাস্তায় চলাচলে আট নিরাপত্তামূলক পরামর্শ ডিএমপির

নানা দুর্ঘটনা এড়াতে নগরবাসীর জন্য বেশ কিছু নিরাপত্তামূলক পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে মহানগরীতে ভ্রমণকালে নিজেকে অক্ষত ও নিরাপদ রাখতে সতর্কতার সঙ্গে কিছু বিষয়ে লক্ষ রাখার পরামর্শ দেওয়া হয়। 

পরামর্শগুলো হচ্ছে, রিকশায় চড়ে কোথাও যাওয়ার সময় কোলে ব্যাগ রাখবেন না। মোটরসাইকেল কিংবা গাড়িতে ছিনতাইকারী এসে হ্যাঁচকা টান দিতে পারে। এতে করে আপনি রিকশা থেকে পড়ে গিয়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যাগ থাকলে তা দুই যাত্রীর মধ্যখানে রাখবেন, যাত্রী একা থাকলে নিরাপদভাবে ব্যাগ রাখবেন। রিকশায় যাতায়াতের সময় হুড তুলে রাখবেন। অনুমোদিত রাইড শেয়ারিংয়ের যানবাহনে যাতায়াত করুন। অনুমোদনহীন যানবাহনে যাতায়াত পরিহার করুন। নির্জন রাস্তা বা গলিপথ দিয়ে একাকী চলাচল থেকে বিরত থাকুন; বিশেষ করে খুব ভোরে রাস্তায় চলাচল করা এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে কাউকে সঙ্গে নিয়ে যাতায়াত করুন। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। এছাড়া  জরুরি যেকোন প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।