স্বাস্থ্যবীমা ক্রয়ের মতো আর্থিক সক্ষমতা না থাকলে যুক্তরাষ্ট্রে অভিবাসন দেওয়া হবে না বলে নির্দেশনা জারি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেন এমন নির্দেশনা বাতিল করে বলেছেন, ওই নির্দেশনা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আসা কঠিন করে তোলা ট্রাম্প জমানার আরেকটি নির্দেশনা বাতিল হয়ে গেল।
প্রেসিডেন্ট জো বাইডেন গত ১৪ মে বলেছেন, তার প্রশাসন জনগণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা আইনসম্মত অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদের স্বাস্থ্যসেবা থেকে বাদ না দিয়েও এ লক্ষ্য অর্জন সম্ভব।
২০১৯ সালের অক্টোবরে দেওয়া ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছিল, স্বাস্থ্যবীমা ক্রয়ের সক্ষমতা দেখাতে না পারলে অভিবাসন ভিসায় আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।