বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বলে কথা। জোরদার অনুশীলনে নেমে পড়েছে নিউজিল্যান্ড। ভারতীয় স্পিনারদের সামলাতে অনুশীলনে অভিনবত্ব এনেছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা কিউই বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। উইকেটে ‘কিটি লিটার’ নামক এক ধরনের মাটির গুঁড়ো ছিটিয়ে ব্যাট করছেন ঘণ্টার পর ঘণ্টা। ‘কিটি লিটার’ জিনিসটা কী তা বুঝতে পারলেন না তো? এটা মূলত বাসাবাড়িতে কুকুর-বিড়ালের বর্জ্য শুষে নেওয়ার জন্য বালির মতো এক ধরনের গুঁড়ো। একটি পাত্রে কিটি লিটার রেখে বিড়াল-কুকুরকে সেখানে মলত্যাগের অনুশীলন করানো হয়। সেই গুঁড়োই পিচে ছিটিয়ে অনুশীলন করছেন কনওয়ে। অভিনব এই অনুশীলন পদ্ধতির ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এই অনুশীলনের পেছনে ভাবনা হলো স্পিন সামলানো। এটি ছড়িয়ে (কিটি লিটার) দেওয়ার ফলে উইকেটে একধরনের ক্ষত তৈরি হচ্ছে, যা থেকে আচমকা টার্ন করছে, বাউন্স করছে বল। এটা সামলানো কঠিন হচ্ছে। এই অনুশীলনই করছি আমি। এভাবে ব্যাটিং করা কঠিন, কিন্তু অনুশীলনটা ভালো। ওই লাফিয়ে ওঠা বলের বিপক্ষে লড়াইয়ের পরিকল্পনা কী হবে, সেটা খুঁজে বের করা; ম্যাচে কীভাবে খেলব, সেটা ঠিক করাই এখানে মূল উদ্দেশ্য’, নিউজিল্যান্ডের স্পার্ক স্পোর্টসের ‘দ্য শো ডাউনস্টেয়ার্স’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কনওয়ে বলেন।
দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড পাড়ি জমানো এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘পিচ যখন অমসৃণ হয়ে পড়বে, বল যখন সত্যিই লাফিয়ে উঠবে, ঘুরবে, তখন ইতিবাচক থাকাই মূল ব্যাপার। আপনি যদি পুরোটা সময় শুধু ঠেকিয়ে যাওয়ার কথা ভাবেন, তাহলে কোনো না কোনো একটা বল আসবে যেটাতে আপনার উইকেট লেখা থাকবে।’ কনওয়ের এমন অভিনব অনুশীলন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজার বিপক্ষে কাজে দেবে কি না সেটার বড় পরীক্ষা হবে ১৮ জুন থেকে সাউদাম্পটনে। এখানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিনশপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। তার আগে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দল। ২৯ বছর বয়সী কনওয়ে নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ও ১৪টি টি-২০ খেলেছেন।