সাতক্ষীরার কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিনা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার বিকেলে ততার মৃত্যু হয়।
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী।
নিহত গৃহবধূর পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উপজেলার কুশুলিয়া গ্রামের মৃত ওয়াদুদ ইসলামের বড় ছেলে সাদিকুল ইসলাম (৫৫) এবং তার ছোট ভাই মনিরুল ইসলামের (৪০) মধ্যে ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই সূত্রধরে গত বুধবার রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময়ে সাদিকুলের স্ত্রী শিরিনা বেগমের হাত ও পায়ের একটি আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রবিবার সকালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য শিরিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বিকেলে কালিগঞ্জে ফেরার সময় পথিমধ্যে ওই গৃহবধূর মৃত্যৃ হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ গৃহবধূর বাড়িতে যায়। ঘটনার সাথে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।