বিচারের ভুলে ৩১ বছর জেলে খেটে পরে নির্দোষ প্রমাণিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের দুই ভাইকে ৭৫ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ক্যারোলিনা আদালত।
সিএনএন জানিয়েছে, ১৯৮৩ সালে একটি ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ড হয় দুই কৃষ্ণাঙ্গ ভাইয়ের। ২০১৪ সালে নির্দোষ প্রমাণিত হলে মুক্তি হয় তাদের। তবে এই অবিচারের বিরুদ্ধে দুজনে হাল ছাড়েননি।
দীর্ঘ মামলার শেষে জয় হয়েছে দু’জনের। আদালত মোট ৭.৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।
ঘটনাটি প্রায় প্রায় চার দশক আগের। আমেরিকার রবসন কাউন্টির রেড স্প্রিং এলাকায় ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয় দুই কৃষ্ণাঙ্গ ভাই। হেনরি ম্যাক্কলাম আর লিয়ন ব্রাউন। দুজনেই তখন কিশোর। হেনরি ১৯ আর লিয়ন ১৫। বিচার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের।
জন্ম থেকে দুই ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন। বয়সের সঙ্গে সঙ্গে মানসিক বৃদ্ধি তেমন হয়নি। জেলে দীর্ঘ মানসিক চিকিৎসার প্রয়োজন পড়ে। পরে লিয়নের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। কিন্তু পরিবার হাল ছাড়েনি।
তাদের বিশ্বাস ছিল, সহজ-সরল দুই ভাই এ কাজ করতে পারে না। বিচার চলতে থাকে। অবশেষে ২০১৪ সালে ডিএনএ নমুনা পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয় দু’জনেই। প্রমাণিত হয়, এক রকম জোর করেই তাদের দিয়ে স্বীকারোক্তি আদায় করেছিল পুলিশ। তত দিনে জেলেই ৩১টা বছর কেটে গেছে।
জেল থেকে মুক্তি পেয়ে এই অবিচারের বিরুদ্ধে হেনরিরা মামলা করেন। নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা সেই মামলায় অবশেষে জয় মিলেছে লিয়ন আর হেনরির। শুক্রবার নর্থ ক্যারোলিনার এক আদালত দুই ভাইকে মোট ৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।