ওসাসুনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর নিজেকে নিয়ে দারুণ রোমাঞ্চিত লুইস সুয়ারেজ। জয়সূচক গোলটির জন্য নিজেকে গর্বিত মনে হচ্ছে তার।
রবিবার রাতে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে ২-১ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের দল। রেনান লোদি ৮২তম মিনিটে লক্ষ্যভেদ করার পর ৮৮তম মিনিটে স্বাগতিকদের উল্লাসে মাতান সুয়ারেজ।
নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে হার না মানা মানসিকতাকে কৃতিত্ব দিয়েছেন সুয়ারেজ, ‘কখনো কখনো একজন স্ট্রাইকার হিসেবে মাথা নিচু করে ফেলা এবং হতাশ হয়ে পড়াটাই সহজ কাজ। কিন্তু আমি কখনোই সেরকম না। আমি খুশি ও গর্বিত। যদি আপনি লড়াই করেন, হাল ছেড়ে না দেন, তাহলে আজকের মতো আরও অনেক লক্ষ্য পূরণ করতে পারবেন।’
লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা অ্যাতলেতিকোর অর্জন ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে লড়াই থেকে ছিটকে গেছে তিনে থাকা বার্সেলোনা।
আসরের শেষ দিনে অ্যাতলেতিকো আতিথ্য নেবে রিয়াল ভায়াদোলিদের। শিরোপার লড়াইয়ে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী রিয়াল নিজেদের মাঠে মোকাবিলা করবে ভিয়ারিয়ালকে। অ্যাতলেতিকো জিতলে তারাই হবে লিগের নতুন চ্যাম্পিয়ন। কিন্তু তারা ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে শিরোপা ধরে রাখবে জিনেদিন জিদানের শিষ্যরা।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ বলেছেন, ‘এটা (শিরোপা-ভাগ্য) আমাদেরই হাতে। আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। হ্যাঁ, আগেও অনেকগুলো খেলেছি আমরা। কিন্তু আমাদের লক্ষ্য পূরণে এই ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’