চুয়াডাঙ্গায় জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর একটি দল। গত রবিবার রাতে জেলার জীবননগর উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার জাল টাকা, টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, সিপিইউ, মনিটর, দুটি মোবাইল ফোন ও ৭২০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাজ্জাদ আলম ও জাকারিয়া মামুন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাবের একটি দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মর্ডান স্টুডিও ও স্টেশনারি নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে সাজ্জাদ আলম ও জাকারিয়া মামুনকে ১৬০টি ৫০০ টাকার ও ৬৫টি ১০০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, সিপিইউ ও মনিটর।
গতকাল সোমবার দুুপরে র্যাব-৬ খুলনা সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) বজলুর রশিদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই চক্রের বেশ কয়েকজনের নাম জানা গেছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার দুজনকে গতকাল বিকেলে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।