নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। রাত পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ বলেন, ‘আমি বিকেলে এটি প্রথমে দেখি, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ‘বোমাসদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বোম্ব ডিসúোজাল ইউনিট, সিটিটিসি ঢাকার এসি মাহমুদুজ্জামানের নেতৃত্বে এ নিষ্ক্রিয়করণ অভিযান হয়।’