জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলেন অর্ক রায় সেতু
বাংলা চলচ্চিত্র...
বাংলা সিনেমার দুঃসময় কেটে গেছে। এখন আন্তর্জাতিক মানের সিনেমা বানানো হচ্ছে আমাদের দেশে। ভালো ভালো গল্পের ওপর কাজ করা হচ্ছে। একটা ভালো সময় আসছে বলা চলে। ভালো কাজগুলো আমরা করছি। শুধু অভিনয় নয়, সব ভালো কাজের সঙ্গে থাকতে চাই। ভালো কাজগুলোকে দর্শকের সামনে তুলে ধরতে পারলে সার্থকতা।
জি ফাইভ...
জি ফাইভে অনেকগুলো কাজ করা হয়েছে। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো। প্রতিটি কাজ খুব ভালো লেগেছে। দর্শকের কাছ থেকেও সাড়া পেয়েছি।
করোনায় পরিকল্পনা...
করোনার প্রথম দিকে আমি শ্যুটিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। লক্ষ করে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিং করা যায় কিনা। খুব একটা সমস্যা হচ্ছে না। এখন নিয়মিত শ্যুটিংয়ে যাচ্ছি।
চমক...
আমি চমক দিতে পছন্দ করি না। আমি ভালো অভিনয় এবং নিজের সেরাটা দিতে পছন্দ করি। কয়েকটা সিনেমা আটকে আছেÑ অপারেশন সুন্দরবন, মিশন এক্সট্রিমসহ অনেকগুলো নাটক, ওয়েব সিরিজের শ্যুটিং করোনার কারণে আটকে আছে। এগুলো দর্শকদের কাছে ভালো লাগবে বলে মনে করি।
চলচ্চিত্র জার্নি...
অভিনয় দেখে আমি বড় হয়েছি। আমার পরিবার অভিনয়ের সঙ্গে জড়িত ছিল। থিয়েটারের ওপর পড়াশোনা শেষ করেছি। তারপর সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করি। আস্তে আস্তে অভিনয়ের দিকে চলে যাই। দেখলাম আমার অভিনয় মানুষ পছন্দ করছেন। তখন ভাবলাম দর্শকের জন্য ভালো কিছু করলে মন্দ হবে না। আজ থেকে কয়েক বছর আগে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বড় একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল।
সফলতা-বিফলতা...
সফলতা-বিফলতা বলতে আসলেই কিছু নেই। আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করে যাচ্ছি। কর্ম হচ্ছে আসল জিনিস। আমি কর্মটাকে বেছে নিয়েছি। তবে মনের বিপরীতে গিয়ে কিছু করিনি। মনের কথা শুনতে হবে। মন থেকে যেটা করতে চাচ্ছি সেটা করলে অবশ্যই সফলতা আসবে।