ঝালকাঠিতে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে লিটন খলিফার শ্যালক লিটন তালুকদারে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত হালিম খলিফা মঠবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার মজিদ খলিফার ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মন্টু খলিফা ও সেলিম খান নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, হালিম খলিফার সঙ্গে এই বংশের চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ নিয়ে কয়েক দফায় শালিস হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। ঘটনার জেরে মঙ্গলবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, সেনা সদস্য তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫/২০ জন্য পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফাকে কোপাতে থাকে।

স্ত্রী সুখী বেগম ও তার দুই ভাই লিটন সাইফুল তাকে উদ্ধার করতে আসলে তাদেরও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত নয়টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

নিহতের স্ত্রী সুখি বেগম বলেন, মাত্র ছয় শতক জমির বিরোধে আমার স্বামীকে হত্যা করা হল। আমি হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মন্টু খলিয়া ও সেলিম খান নামে দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।