দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এতে সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহসভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার। একজন অনুসন্ধানী সংবাদকর্মী হিসেবে দেশে-বিদেশে তার স্বীকৃতি রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে হেনস্তা, হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে যারা আটকে রেখে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।