রায়পুরায় দুই দলের সংঘর্ষে শিশুর পর যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে শহিদ মিয়া (২৮) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। চলমান সংঘর্ষে এ নিয়ে দুইজনের মৃত্যু হল।

মঙ্গলবার ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে সোমবার সন্ধ্যায় সংঘর্ষের সময় ইয়াছিন মিয়া নামে (১৩) আরেক শিশুর মৃত্যু হয়।

উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

গুলিবিদ্ধ ৩ জন হলেন- রুবেল, বাহক ও সাগর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে শহিদ মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার সন্ধ্যায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের ছোড়া গুলি ইয়াছিনের বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত হয় কমপক্ষে আরও ২০ জন। পরে চলমান সংঘর্ষে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বিদ্ধ হয়ে শহিদ মিয়া নামে আরও এক যুবকের মৃত্যু হয়।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে একজন মারা গেছে। এর আগে আরও একজনের মৃত্যু হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।