আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু।
মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে।
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে।
বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
এ সময় করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি নেতারা জনগণকে সচেতন না করে, উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছেন বলে মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘যারা সমালোচনার খাতিরে শুধু সরকারের সমালোচনায় লিপ্ত তাদের কাছে আমি জানতে চাই- করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো, তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬’শর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে?’
স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই।
এছাড়া তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম,দ্যা ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।