সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত, আহতাবস্থায় আটক ১

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে শানজি (৪৮) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরের পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ জানান, নিহত শানজি সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন।

জানা যায়, সিলেট এসএমপি পুলিশের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নম্বর বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে গেলে তারা দুজন ফ্ল্যাটে থেকে যান। পরে ভবনের অন্য ফ্ল্যাটের লোকজন চীনা নাগরিকদের ভাড়া করা ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ফ্ল্যাটে ঢুকে নিহতের লাশ উদ্ধার করে।

তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

এ ছাড়া অন্য চীনা নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ জানান, যেকোনো বিষয়ে ঝামেলার কারণেই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থল থেকে শানজি (৪৮) নামের একজনের মরদেহ উদ্ধার ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা শো নামের ওই চীনা নাগরিককে প্রথমে রাগীর রাবেয়া মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে তাকে আটক করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধী গ্রেপ্তার অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।