বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে টার্গেট করে এগোচ্ছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। কিন্তু গতকাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না ডি ভিলিয়ার্স। তিন বছর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। সেটাই ‘অবসর নেওয়া চূড়ান্ত’ সিদ্ধান্ত বলে জানিয়েছেন এবি। বিষয়টি ফয়সালা হয়েছে উইন্ডিজ সফরের জন্য টেস্টের পাশাপাশি ঘোষিত টি-টোয়েন্টি দল দেখেও। জুন-জুলাইয়ের দু’ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ডিন এলগার। দলে ছয় নবাগতকে সুযোগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ডাক পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার প্রেনেলান সুব্রায়েন ও সম্প্রতি টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়া ফাস্ট বোলার লিজার্ড উইলিয়ামস। এছাড়া কাইল ভেরেইন্নে, কিগার পিটারসেন, সারেল আরউই ও মার্কো জানসেন এই দলে নতুন মুখ। ১০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত উইন্ডিজে দুটি টেস্ট ও ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এরপর ১১ থেকে ২৫ জুলাই আয়ারল্যান্ডে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০।