স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা। পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারীর এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে একজন সাংবাদিকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার এহেন ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, সিইউজের সদস্য প্রীতম দাশ ও সুবল বড়–য়া। সমাবেশে সিইউজের সদস্যসহ চট্টগ্রামে কর্মরত কয়েকশ গণমাধ্যমকর্মী অংশ নেন।