আগামী জুন থেকে স্কুল-কলেজ খোলার চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণ করা সব কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় শাখায় মন্ত্রণালয়ের নির্ধারিত মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হবে। সরকার স্কুল-কলেজ খোলার ঘোষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
এদিকে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আগামী ২৪ মে সারা দেশে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। জানা গেছে, সারা দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে গত সোমবার রাতে এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা জানান, সরকার করোনা সংক্রমণের অজুহাত দিয়ে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করছে। তারা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন।