রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. তাজুল ইসলাম। গত সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান বলেন, গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে কুমিল্লার কচুয়া থানার মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে।