জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বিগত বছরের মতো নেওয়া হবে। ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান দেশ রূপান্তরকে বলেন, জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে দুই ধাপে ভর্তি আবেদনের বিষয়টি থাকছে না। শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তবে পরবর্তী বছরে তা থাকবে কি না এ নিয়ে কোনো আলোচনা হয়নি। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট সিদ্ধান্ত পরে জানানো হবে।
তিনি আরও বলেন, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।