প্রেমিকের জন্মদিনে ক্যাটরিনা

গত ১৬ মে ৩৩-এ পা দিলেন বলিউড তরুণ প্রজন্মের অন্যতম সফল অভিনেতা ভিকি কৌশল। তার কথিত প্রেমিকা ক্যাটরিনা বয়সে তিন বসন্ত এগিয়ে। দুজনের প্রেমের বয়স দুবছর। দুবছর ধরেই প্রেমিক ভিকির জন্মদিনে ইন্সটাগ্রামের ‘মাই ডে’ অপশনে ছবি দেন ক্যাটরিনা। এবারও ক্যাটরিনা তার মাই ডেতে ভিকির একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা থেকে নেওয়া। ছবির ওপর লিখেছেন, ‘সবচেয়ে আনন্দের জন্মদিন কাটাও। সব সময় হাসতে থাকো।’ কিছুদিন আগেই ক্যাটরিনা আর ভিকি দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছেন। ২০১৯ সালে দীপাবলির এক পার্টিতে প্রথম তারা জনসমক্ষে হাত ধরে জুটি বেঁধে আসেন। ক্যামেরার সামনে সাবলীলভাবে জুটি বেঁধে পোজ দেন। সেই থেকে শুরু। তারপর থেকেই গোপনে প্রেম করছেন দুজন। তবে দু-একবার যে গণমাধ্যম আর পাপারাজ্জিদের কাছে নাস্তানাবুদ হতে হয়নি, তা নয়।

২০২০ সালে লকডাউনের শুরুতে অনেক দিন দুজনার দেখা নেই। তাই মাথায় লম্বা করে হুডি টেনে, সব রকম গোপনীয়তা আর সতর্কতা অবলম্বন করেই ভিকি গিয়েছিলেন ক্যাটরিনার বান্দ্রার বাসায়। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আরকি! কৌশলের সব কৌশল বৃথা গেল, যখন প্রতিবেশীদের চোখকে ফাঁকি দিতে পারলেন না। তারাই জানালেন সেই গোপন অভিসারের কথা। তবে নিজেদের সম্পর্ককে এখনই ‘অফিশিয়াল’ করতে নারাজ দুজনই।