কবীর সুমনের ‘রাগ আজাদ’
বাংলা খেয়াল গানের পুরোধা শিল্পী ও স্রষ্টা আজাদ রহমানের প্রথম প্রয়াণ দিবসে তাকে অনন্য আয়োজনে স্মরণ করলেন ভারতের কিংবদন্তি শিল্পী কবীর সুমন। প্রখ্যাত সংগীতকার আজাদ রহমানের নামে রাগ সৃষ্টি করলেন তিনি। শুধু তাই নয়, গত রবিবার সন্ধ্যায় তাকে উৎসর্গ করে নতুন সৃষ্ট ‘রাগ আজাদ’-এ বন্দিশ গাইলেন সুমন। এর কয়েকটি চরণ ‘আজাদ রহমান/বাংলা খেয়াল গান/বাংলা ভাষার গানে/খেয়াল তাঁকে টানে/ থেকে গেলেন তিনি বাংলায় বহমান/ বাংলাদেশের তিনি আজাদ রহমান।’ অগ্রজের প্রতি এ এক অবিস্মরণীয় নজির। গত বছরের ১৬ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওস্তাদ আজাদ রহমান। তার সুরে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণাদায়ী গান। বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা ও গীতিকবি তিনি এবং বাংলা ভাষায় খেয়াল গানের রচয়িতাও। তাকে রাগ উৎসর্গ করে সুমন লিখেছেন, ‘আমি পশ্চিমবঙ্গের লোক। আমিও বাংলা খেয়ালের একজন সৈনিক। আজাদ রহমানকে আমি সালাম-নমস্কার জানাচ্ছি।’ আজাদ রহমানের গান শুনলেও তার সঙ্গে কখনো সরাসরি সাক্ষাৎ হয়নি কবীর সুমনের। এটি তার আজীবনের আফসোস। কবীর সুমন জানান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এই পদ্ধতিতে রাগ সৃষ্টির পরামর্শ দিতেন। সুমন বলেন, ‘আজাদ রাগে বন্দিশ বা বাংলা খেয়াল গানটি মধ্য লয়ের। পরে হয়তো এই রাগে বিলম্বিত লয়েও করব। এই রাগে রয়েছে একটি বিষণœতা, ঠিক যেমনটা থাকে বাংলার ভূপ্রকৃতিতে। এটি বিকেল, সন্ধ্যা বা রাতে গাওয়া যাবে।’
আত্মহত্যা প্রতিরোধে সিনেমা
‘সুইসাইড স্কোয়াড’ ছবির প্রযোজক জ্যাক স্নাইডারের মেয়ে আত্মহত্যা করেছেন বছর চারেক আগে। তখন তিনি ‘জাস্টিস লিগ’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। মাঝপথে থেমে গিয়েছিল ছবির কাজ। তবে মেয়ের মৃত্যুশোক বুকে নিয়েই ছবিটি শেষ করেছিলেন জ্যাক। এবার এই ছবির ডিরেক্টরস কাটের সঙ্গে আরও দুটি ছবি যুক্ত করে দেখাবেন দর্শককে। মেয়ের স্মৃতির প্রতি উৎসর্গ করে এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে একটি দাতব্য প্রতিষ্ঠানকে। ২০১৭ সালের ছবি ‘জাস্টিস লিগ’-এর চার ঘণ্টা দৈর্র্ঘ্যরে ‘ডিরেক্টরস কাট’ দেখানো হবে দর্শকদের। এর নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস লিগ: স্নাইডারস কাট’। এর সঙ্গে দেখানো হবে এই পরিচালকের আরও দুটি ছবি। ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’। ট্রিলজি হিসেবে এক প্যাকেজে ৯ ঘণ্টার এই তিন ছবি একসঙ্গে দেখার সুযোগ মিলবে। এই প্রদর্শনী থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে একটি অলাভজনক সংগঠনের হাতে। এই সংস্থা আত্মহত্যা প্রতিরোধে কাজ করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটিওয়াকের বিশাল পর্দায় দেখানো হবে এই ট্রিলজি। প্যাকেজের সঙ্গে রয়েছে খাবারসহ আরও কিছু উপহার। জ্যাক স্নাইডার বলেন, ‘আমার মনে হয়, এই উদ্যোগকে কেবল সুপারহিরো ভক্তরা নন, যেকোনো সিনেমাভক্ত, এমনকি সাধারণ মানুষও স্বাগত জানাবেন। আমি চাই, আত্মহত্যা কোনো বাবার কাছ থেকে তার সন্তানকে আর যেন কেড়ে নিতে না পারে।’
‘ডার্ক রুম’-এ বন্দি তিন নায়িকা
ঈদে রোমান্টিক আর কমেডি নাটকই দর্শকের বেশি পছন্দ করেন। কিন্তু কিছু দর্শকের কাছে ভিন্ন ধাঁচের কাজও ভালো লাগে। তেমনি একটি নাটক নির্মাণ করেছেন আরিফ এ আহনাফ। নাম ‘ডার্ক রুম’। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের নাটক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ইরেশ যাকের। এ ধরনের একটি চরিত্রে ‘দেবী’ ছবিতে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা পান। মজার বিষয় হচ্ছে, এই নাটকে এই অভিনেতার বিপরীতে রয়েছেন এ সময়ের তিন সুন্দরী নায়িকা। তারা হলেন নাজিয়া হক অর্ষা, সামিয়া অথৈ ও মৌসুমী মৌ।
নাটকে নিজের চরিত্র নিয়ে মৌ বলেন, ‘আমি মেহেজ নামের একটি চরিত্রে অভিনয় করেছি। নাটক শুরু হয় আমার আর ইরেশ যাকেরের বিয়ের দৃশ্য দিয়ে। ফ্ল্যাশব্যাকে আমাদের পরিচয়, প্রেমের বিষয়গুলো দেখানো হয়। ঘটনাক্রমে নিজেকে আবিষ্কার করি একটি ডার্ক রুমে। সেখানে আগে থেকেই বন্দি ছিলেন অর্ষা আর অথৈ। প্রত্যেকের আলাদা গল্প আছে ইরেশের সঙ্গে। শেষ পর্যন্ত কী হয় তা দেখতে আজ রাত ১১টায় চোখ রাখতে হবে এনটিভিতে। গুণী শিল্পী আর নির্মাতার সঙ্গে ভিন্নধর্মী গল্পের কাজটি করে আনন্দ পেয়েছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’