বানরদের খাবার বিতরণ করল সম্মিলিত সাংস্কৃতিক জোট

করোনা পরিস্থিতিতে খাবার সংকটে রয়েছে পুরনো ঢাকার বিপুল সংখ্যক বানর। এই অবস্থায় এসব বানরের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার গেণ্ডারিয়া এলাকায় তিন শতাধিক বানরকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সপ্তাহব্যাপি এই কর্মসূচি পালিত হবে বলে সাংস্কৃতিক জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে ভুগছে বিপুল সংখ্যক বানর। ইতোমধ্যে অনেক বানর অনাহারে মারা যাবার খবরও জনগনের কাছ থেকে আমরা জেনেছি। নগর জীবনের এই প্রাণীদের বাঁচাতে হবে।”

কর্মসূচির প্রথম দিন গেন্ডারিয়ার সাধনা গলিতে প্রায় তিনশত বানরের মধ্যে কলা, পাউরুটি, বিস্কুট প্রদান করা হয়েছে বলেও জানান গোলাম কুদ্দুছ। ২৫ মে পযন্ত চলবে এই খাদ্য বিতরণ কর্মসূচি।

খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সহসভাপতি ঝুনা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, খোরশেদুল আলম, এইচ আর অনিক, বাবুরাম, হানিফ খান, নিয়াজ আহমেদ, ইকবাল হাফিজ প্রমুখ।