রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার র্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়ে বলেন,গত মঙ্গলবার বিকেল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব ২ এর একটি দল।
র্যাবের ভাষ্য, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, মারামারিসহ নানা অপকর্মে এলাকার নিরীহ মানুষ তাদের কাছে জিম্মি হয়েছিল।
আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুরের পশ্চিম বাঁশবাড়ি থেকে মো. রাকিব হোসেন (১৯), মো. শাহাদাত (১৭), মো. জিদান (১৫) ও মো. শাহিনকে (১৫) দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আলামিন (২০), মো. রাশেদ (২০), মো. আকাশ (২০), মো. শরীফ শিকদার (১৯) ও মো. আবির হোসেন শাকিলকে (১৯) গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা মূলত মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই এবং জোরপূর্বক চাঁদা আদায় করত। এ ছাড়া এই এলাকার বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের কাছ থেকেও টাকা-পয়সা, সোনার অলংকার, মোবাইল ফোন ও মূল্যবান দ্রব্য সামগ্রীসহ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।
তিনি বলেন, তারা সবাই কিশোর গ্যাংয়ের গ্রুপ ‘টক্কর ল’ গ্রুপের সদস্য এবং তাদের লিডার মো. শাকিলের নির্দেশে ওই এলাকায় ছিনতাই ছাড়াও চুরি, মারামারিসহ নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়। তাছাড়া ওই এলাকায় আরও কয়েকটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারিও হয়েছে।