প্রেমের ফাঁদে ফেলে একাধিক নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফয়সাল গনি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টায় তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে ডিএমপি।
মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান দেশ রূপান্তরকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তদন্তে বেরিয়ে আসে গ্রেপ্তারকৃত ফয়সাল মিরপুরের যে মেসে ছিলেন তার পাশের ফ্ল্যাটে থাকেন এক মুদি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর মেয়ের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ব্যবসায়ীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তার। প্রেমের ফাঁদে ফেলে ওই পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সে। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে ১৯ মে (বুধবার) আরেকটি মামলা রুজু হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই খোকন মিয়া জানান, ফয়সালের বাড়ি ঝিনাইদহ হরিণাকুন্ড থানার আদর্শ আন্দুলিয়া গ্রামে। তার বাবা ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। স্কুলের গ্নডি পেরিয়ে কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করাকালে মাদারীপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ফয়সাল। অনার্স শেষে জীবিকার তাগিদে ফয়সাল বাবা-মায়ের সঙ্গে ঢাকা চলে আসে। ঢাকায় টিউশনি করে যা আয় করত তাতে তার পকেট খরচ হতো না। বাড়তি আয়ের আশায় হাত বাড়ায় প্রেমিকার দিকে, চাকরির কথা বলে হাতিয়ে নেয় অনেক টাকা, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও স্থাপন করে। প্রেমিকা যখন তার মনের খবর বুঝতে পারে তখন তাকে বিয়ে করার জন্য চাপ দেয়, কিন্তু ফয়সাল নিজেকে আড়াল করার জন্য প্রেমিকার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। দিশেহারা হয়ে মেয়েটি থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে।