মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে রিট

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল বাতিল ও সংশোধন চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। ওই পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য ৩১২ ও কৃতকার্য ১২ শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। এতে নতুন মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে মেডিকেল কলেজগুলোয় শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চাওয়া হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালককে বিবাদী করা হয়েছে আবেদনে। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবীরা।