প্রস্তুতির ঘাটতিতে হতাশ মোস্তাফিজ

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন অস্ত্র সামনে এনেছিলেন মোস্তাফিজুর রহমান। ইনসুইংগার। কিন্তু এই  ডেলিভারিটি আইপিএলে ব্যবহার করেননি। বলেছিলেন এমন বলে বড় ফরম্যাটে সফল হওয়া যায়। কিন্তু আইপিএলে আরেক জাদু দেখালেন ফিজ। ফিরিয়ে আনলেন স্লোয়ার কিন্তু আগের মতো নয়, একটু ব্যতিক্রম করে ‘ব্যাক হ্যান্ড স্লোয়ার’। তাতে রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে তুলে নিয়েছিলেন ৮ উইকেট। যুগ্মভাবে এবারের আসরের উইকেটশিকারির তালিকায় ছিলেন ছয়ে। ঝুলির ভেতর থেকে সেই ফেরানো অস্ত্র শ্রীলঙ্কার বিপক্ষেও কি দেখা যাবে? এ ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় মোস্তাফিজ। জানালেন, তিনি নিজেই জানেন না পারবেন কিনা। সবটাই ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার ওপর।

মোস্তাফিজের এই অনিশ্চয়তায় পড়ে যাওয়ার কারণ কোয়ারেন্টাইন। ফিজ কি তাহলে এক মাসের কোয়ারেন্টাইন শেষে ধার হারিয়ে ফেললেন? গতকাল জানালেন করোনার এই সময়ে এমন বসে থাকা তার জন্যই নয় বিশ্বের সব ক্রীড়াবিদের জন্যই কঠিন। আইপিএল বন্ধ হওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনের কারণে সঠিক প্রস্তুতির অভাব তুলে ধরে ফিজ বলেন, ‘আইপিএল থাকাকালীন আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন মিলিয়ে ২৫ দিনের মধ্যে আমি কেবল একটি প্র্যাকটিস ও একটি ম্যাচ খেলেছি। এখন জানি না... আমি আর সাকিব ভাই, আমরা দুজনই ওরকমই প্রায় ছিলাম। এই তিন দিনে... কালকে (পরশু) তো আমরা প্র্যাকটিস করতে পারিনি (বৃষ্টির কারণে), আজকে করলাম, আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপর ছেড়ে দিলাম... দেখি চেষ্টা করে, কী হয়।’ এরপরই জানান আইপিএলে দেওয়া সেই ভয়ংকর স্লোয়ার আসন্ন সিরিজে দেওয়া কত কঠিন হবে তার জন্য, ‘এই প্রশ্নের উত্তর একটু আগেই দিলাম। বাদ বাকি আল্লাহর ওপর ছেড়ে দিলাম... ২৫ দিন প্রস্তুত না করার পর আমি কীভাবে বলব!’

গত এক মাসে শুধু জিম করে কাটাতে হয়েছে মোস্তাফিজকে। তাই গতকাল প্রথম অনুশীলনে ইনজুরি যেন না হয় সেদিকে খেয়াল রেখেছেন। ঘরের মাঠে সিরিজ থেকে হারিয়ে যেতে চান না। বিশেষ করে পরিচিত কন্ডিশনে ভালো করার অতীত ফিরে আনতে চান মাঠে থেকে। জানালেনÑ সুযোগ আছে বাংলাদেশের এই সিরিজ জেতার, ‘আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, তাই এটায় অবশ্যই আমরা এগিয়ে থাকব ওইদিক থেকে। সিরিজ ৩-০ হবে কিনা এটা খেলার পর দেখা যাবে। তবে সম্ভব তো শতভাগ দেখছি। এখন পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার নতুন ক্রিকেটার আসলেও ছোট দল নয়। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান।’