মাদারীপুরে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে, নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা সিআইডি। অজ্ঞাতপরিচয় ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে চরগোবিন্দপুর এলাকার শহিদ শিকদারের পুকুরপাড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে, তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্বৃত্তরা শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে সিআইডির বিশেষজ্ঞ টিম পরিচয় নিশ্চিতের জন্য কাজ শুরু করেছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ।