মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়, একজন রোজিনা ইসলামেরও ভুল হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘রোজিনা ইসলাম যাতে সুবিচার পান এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-(ডিআরইউ) নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মন্ত্রীর কাছে তাদের স্মারকলিপি দেয়। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-(বিএসআরএফ) নেতারাও এ সময় একই দাবি জানায়।
মন্ত্রী বিষয়টিকে আবেগতাড়িতভাবে না দেখে বাস্তবতার নিরিখে বিচারের জন্য তাদের অনুরোধ জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘ডিআরইউ এবং বিএসআরএফ দুই সংগঠনের নেতৃবৃন্দের মূল দাবি হচ্ছে, রোজিনা ইসলামের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি নয়, একটি নিরপেক্ষ কমিটি গঠন। আমি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। তা ছাড়া বুধবার আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে বলেছি, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।’
ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।