রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় শাকিল হত্যার নেপথ্যে মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. সাব্বির হোসেন ওরফে ভূইয়া সাব্বির (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গত বুধবার রাত সোয়া ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু। উল্লেখ্য, গত ৯ মে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে খুন হয় শাকিল।
তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শাকিল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদকের টাকার ভাগবাটোয়ারা থেকে শুরু হয় দ্বন্দ্ব। শাকিল দুই থেকে আড়াই লাখ টাকা পেত সাব্বিরের কাছে। এর জের ধরে সাব্বির ডেকে নিয়ে খুন করে শাকিলকে। পরিকল্পিত এই হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় মোট তিনজন।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু দেশ রূপান্তরকে জানান, উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকান্ডে তিনজন অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।