জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিচারের পাশাপাশি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বৃহস্পতিবার এক আন্তর্জাতিক ওয়েবিনারে এ কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দুর্বল চার্জশিটের কারণে অনেক সময় জঙ্গিরা জামিন পেয়ে যাচ্ছে। এবার আমাদের ধারণা ছিল না যে, হেফাজত এরকম নৃশংস ঘটনা ঘটাবে। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা দেশের বিভিন্ন জেলায় তারা এই তাণ্ডব করেছে। আমরা কোনো জঙ্গি কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গি দমনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। কিন্তু জঙ্গিদের রাজনৈতিক দর্শন ও ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে কোনো সমন্বিত উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।’ সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলেছিলেন, ধর্মের নামে কোনো রাজনীতি চলবে না।’
এতে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ উবায়দুল মুকতাদির চৌধুরী, মানবাধিকার নেত্রী আরোমা দত্ত, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ।