মা হারালেন যায়যায়দিনের নির্বাহী সম্পাদক অরুণ কুমার দে

দৈনিক যায়যায়দিনের নির্বাহী সম্পাদক অরুণ কুমার দের মা লীলা দে পরলোক গমন করেছেন।

রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শুক্রবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর পোস্তগোলা মহা শ্মশান ঘাটে দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। লীলা দে দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী কাশীশ্বর দে ১৯৯৭ সালে স্বর্গীয় হন। 

লীলা দের মৃত্যুতে এইচআরসি গ্রুপ, যায়যায়দিন পরিবার ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

শোক বার্তায় এইচআরসি শিল্প পরিবারের কর্ণধার ও যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু লীলা দের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।