ভারতের করোনা পরিস্থিতি এখনো অবনতির দিকে। দেশটির কর্নাটক রাজ্যে গত দুই মাসে ৪০ হাজারের বেশি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের বয়স ৯ বছরের মধ্যে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, রাজ্যটিতে ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার ১৬০ শতাংশ।
রাজ্যের করোনা পর্যবেক্ষণ সংস্থার মতে, গত ১৮ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত রাজ্যে শূন্য থেকে নয় বছর বয়সী ৩৯ হাজার ৮৪৬ ও ১০ থেকে ১৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ৪৪ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শিশু সংক্রমণের দিক দিয়ে ভারতের অন্যসব রাজ্যের তুলনায় কর্নাটকের অবস্থা বেশি খারাপ।
চলতি বছর ১৮ মার্চ পর্যন্ত রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়। আর ১৮ মে’র মধ্যে আরও ১৫ শিশু মারা যায়। আগের তুলনায় কর্নাটকে এখন করোনায় শিশুমৃত্যুর হার বেড়েছে। আর করোনার দ্বিতীয় ধাক্কায় রাজ্যটিতে প্রথম ধাক্কার তুলনায় তিন গুণ বেশি শিশু আক্রান্ত হচ্ছে। কেন এত সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে সে বিষয়ে কোনো বিবৃতি জানায়নি রাজ্য সরকার। রাজ্যের শিশুবিষয়ক ডাক্তার শ্রীনিবাস কাসি বলেন, ‘কোনো ব্যক্তি করোনা পজিটিভ হলে তার গোটা পরিবার দুদিনের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। শিশুরা খুব সহজেই আক্রান্ত হচ্ছে। প্রাপ্তবয়স্কদের কাছাকাছি আসার ফলে শিশুদের সংক্রমণের হার বাড়ছে।’