কোহলি-রোহিত নয়, আমিরের কাছে কঠিন স্মিথ

এই মুহূর্তে বিধ্বংসী ব্যাটসম্যান কে এমন প্রশ্ন হলে অনায়াসে বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম উঠে আসবে। যেকোনো বোলারকেই যে বলে-কয়ে চার-ছক্কা মেরে দেন তারা। সব বোলারও নিজেদের ত্রাস হিসেবে এ দুই ব্যাটসম্যানের নাম বলবেন। কিন্তু সাবেক পাকিস্তান পেসার মোহাম্মদ আমির বললেন ভিন্ন কথা। কোহলি বা রোহিত কাউকেই বল করতে সমস্যা হয় না তার। আমিরের যত ভয় স্টিভেন স্মিথকে নিয়ে। মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া পাকিস্তানি পেসারের মতে, এ দুজনকে বোলিং করা কঠিন কিছু নয়। বিশেষ করে রোহিতকে আউট করা খুবই সহজ তার কাছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ‘সত্যি বলছি, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বোলিং করা আমার কাছে কঠিন কিছু মনে হয়নি। রোহিতকে আমি দুইভাবেই আউট করতে পারি। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকা ডেলিভারিতেও সে ধুঁকতে থাকে, বাইরে যাওয়া ডেলিভারিতেও। বিরাট কোহলির তুলনা সামান্য কঠিন, কারণ সে চাপের সময়টা খুব ভালো সামলাতে পারে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এ দুজনের বিপক্ষে কিছুটা সাফল্য আছে আমিরের। তবে খুব সফল বলা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতকে আট ম্যাচে তিনবার আর কোহলিকে সাত ম্যাচে দুবার আউট করেছেন আমির। কিন্তু অস্ট্রেলিয়ার স্মিথকে বল করার ব্যাপারে আমির বলেন, ‘আমার সবচেয়ে কঠিন মনে হয়েছে স্টিভেন স্মিথকে বোলিং করা। কারণ, তার টেকনিক খুব জটিল। এমন একটা অ্যাঙ্গেলে সে দাঁড়ায়, বুঝেই ওঠা কঠিন যে কোথায় তাকে বল করব।’